চিলির রাজধানী সান্তিয়াগোতে শিক্ষা সংস্কারের দাবিতে হাজার হাজার ছাত্র-ছাত্রী বিক্ষোভ সমাবেশ করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জল কামান ও টিয়ার শেল নিক্ষেপ করে। বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্ররা দেশের শিক্ষা ব্যবস্থা সংশোধনের জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানায়। এএফপি জানায়, চিলির শিক্ষাব্যবস্থা সংশোধনের জন্য প্রেসিডেন্ট মিশেল ব্যাসিলেট ওপর চাপ প্রয়োগ করতে প্রায় দশ হাজার শিক্ষার্থী সান্তিয়াগোর রাস্তায় নেমে আসে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায় এবং বিক্ষোভ সমাবেশ সহিংসতার রূপ ধারণ করে। এ সময়ে পুলিশ ছাত্রদের ওপর উপর্যুপরি জল কামান ও টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশ এক ছাত্রকে গ্রেফতার করে। পুলিশ জানায়, বিক্ষোভ সমাবেশ চলাকালীন ছাত্ররা একটি বাস স্টপেজে হামলা চালায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রেসিডেন্ট মিশেল নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন যে, তিনি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা আরো উন্নত এবং ছাত্রদের বিনা বেতনে পড়ার সুযোগ করে দিবেন।
