ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পুঞ্চ জেলার আন্তর্জাতিক সীমান্তের বনে দাবানল ছড়িয়ে পড়লে ভারত-পাকিস্তান সীমান্তে বরাবর পেতে রাখা মাইনের বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা। এ সময় দুই ডজনেরও বেশি মাইনের বিস্ফোরণ ঘটে বলে বুধবার জানিয়েছে পুলিশ। —বিডি নিউজ
কাশ্মিরের শীতকালীন রাজধানী জম্মু থেকে পুলিশ বলেছে, পুঞ্চ জেলার মেন্ধ্র সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দাবানল ছড়িয়ে পড়ে ওই এলাকায় দুই ডজনেরও বেশি স্থল মাইনের বিস্ফোরণ ঘটিয়েছে। ওই এলাকায় তোমায়েন সেনাদের নিয়ন্ত্রণের চেষ্টা সত্ত্বেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য স্থানীয় বন বিভাগের দমকল কর্মীরা সেনাবাহিনীর পাশাপাশি কাজ করছে। মাইন বিস্ফোরণের কারণে ওই সেক্টরে অনুপ্রবেশ প্রতিরোধ করার জন্য বসানো বহু নাইট ভিশন ডিভাইস এবং সেন্সর ক্ষতিগ্রস্ত হয়েছে, বলেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মাইন বিস্ফোরণের বিকট শব্দে সীমান্তের কাছাকাছি বসবাসরত গ্রামবাসীরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে। আগুন যেন আরো ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য সেনাবাহিনী ও বন বিভাগের কর্মীরা ওই এলাকা ঘিরে পরিখা খনন করছেন।
