দক্ষিণ সুদানে ছড়িয়ে পড়ছে কলেরা

আপডেট : ১১ জুন ২০১৪, ২১:১৭
দক্ষিণ সুদানে এ পর্যন্ত দেড় হাজার মানুষ কলেরা আক্রান্ত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় সংস্থা (ওসিএইচএ) এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। ওসিএইচএর মুখপাত্র স্টিফেন দুজাররিক বলেছেন, দক্ষিণ সুদানের ইকোটরিয়া রাজ্যের ইয়েই ও কাজো কেজি এলাকায় কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়রছে। ওসিএইচএর প্রতিবেদন অনুযায়ী দেড় হাজার কলেরা আক্রান্তর মধ্যে ৩১ জন মারা গেছেন। মে মাসে দেশটির রাজধানী জুবায় কলেরার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রতিদিন প্রায় দ্বিগুণ পরিমাণ আক্রান্তের খবর পাওয়া যেতে থাকে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল (ইউএনআইসিইএফ)। ধারাবাহিক সহিংসতার মুখে জাতিসংঘের আশ্রয় শিবিরগুলোতে আশ্রয়প্রার্থীদের ভিড় উপচে পড়লে জানুয়ারি থেকেই ইউএনআইসিইএফ কলেরা হুমকির সতর্কতা জানিয়ে আসছিল। বর্ষা ঋতু এই হুমকি আরো বাড়িয়ে তুলেছে।