ভালোবাসার ভার সইলো না সেতু
মোহময় শহর প্যারিসে একটি দুর্ঘটনা বেশ বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে যুগলদের। ভালোবাসার স্মারক হিসেবে প্যারিসের সীন নদীর পন্ট ডাস আর্টস্থ সেতুর রেলিংয়ে তালা (লাভ লক) বেঁধে আসছিল প্রেমিক-প্রেমিকারা। হাজার হাজার লাভ লকের ভারে রবিবার সেতুর রেলিং ভেঙে পড়ে। এ ঘটনার পর কয়েক ঘন্টার জন্য সেতুটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। অবকাঠামো ঠিক করার পর ভালোবাসার স্থায়িত্ব ধরে রাখতে বিকল্প উপায় নিয়ে ভাবতে নাগরিকদের অনুরোধ করেন প্যারিস মেয়র। প্যারিসসহ ইউরোপের আরো কয়েকটি শহরে এ ধরনের সেতুতে তালা গাঁথার প্রচলনটি শুরু হয় পাঁচ বছর আগে। নিজেদের বন্ধন স্থায়ী করার প্রত্যাশায় প্রেমিক-প্রেমিকারা নিজেদের নাম লেখা তালা সেতুর রেলিংয়ে গেঁথে চাবিটি সীন নদীতে ফেলে দেন। —রয়টার্স
স্কলারির ভাতিজার মৃত্যু
বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার মাত্র দুইদিন আগে বিপর্যয়ের শিকার হলেন ব্রাজিল ফুটবল দলের কোচ লুই ফিলিপ স্কলারি। এক সড়ক দুর্ঘটনায় তার ভাতিজা তারসিসিয়ো জোয়াও স্কেনেইদার নিহত হয়েছেন। মঙ্গলবার স্কলারির নিজ শহর পাসো ফুন্ডোতে এ দুর্ঘটনা ঘটে। ফুন্ডো পুলিশ জানিয়েছে, ৪৮ বছর বয়সী স্কেনেইদারের গাড়িটি একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হলে গাড়ির বিতর থাকা স্কেনেইদার মারা যান।—বিবিসি
জার্মানিতে ঝড়ে ৬ জনের প্রাণহানি
জার্মানির পশ্চিমাঞ্চলে গত রাতে প্রচণ্ড ঝড়ে কমপক্ষে ৬ জনের প্রাণহানি ঘটেছে। ঝড়ে গাছপালা উপড়ে পড়ে এবং সড়ক ও রেলপথে জট সৃষ্টি হয়। মঙ্গলবার দমকল সূত্র জানায়, সোমবার ডুসেলডর্ফে একটি উঁচু ঝাউ গাছ বাতাসে ভেঙ্গে পড়লে গাছের নিচে দাঁড়িয়ে থাকা তিন ব্যক্তি মারা যায়। ঝড়ে আরো তিনজনের মৃত্যু ঘটে। গাছ উপড়ে পড়ে কলোন ও ক্রেফিল্ড নগরীতে সাইকেল আরোহীর মৃত্যু হয়। এসেন নগরীতে পরিচ্ছন্নতায় নিয়োজিত ৪৯ বছর বয়সী এক ব্যক্তি অচেতন হয়ে পড়ে এবং পরে তার মৃত্যু হয়। ডয়চে বান রেল কোম্পানি জানায়, ঝড়ে বিক্ষিপ্ত প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় রেল চলাচলে বিঘ্ন ঘটে। —এএফপি
