সংসদে মমতার প্রশংসায় মোদী

আপডেট : ১২ জুন ২০১৪, ২০:৫১
সংসদে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তারিফ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতির বক্তৃতা-বিতর্কে অংশ নিয়ে বুধবার মোদী-বিরোধিতায় নেমেছিলেন তৃণমূল সংসদ সদস্যদের একাংশ। বিশেষ করে লোকসভার সদস্যরা। কিন্তু বৃহস্পতিবার জবাবি বক্তৃতা দিতে উঠে পাল্টা আক্রমণের পথে না হেঁটে মমতার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। বললেন, “৩৫ বছরের বাম অপশাসন থেকে রাজ্যকে বার করে আনতে কী পরিশ্রমই না করেছেন মমতাজি।” বিজেপি নেতাদের অনেকেরই মতে, তৃণমূল নেত্রীর প্রতি মোদী আদতে এই বার্তাই দিলেন যে, ভোট প্রচার চলাকালীন তুঙ্গে ওঠা তিক্ততা পিছনে ফেলে রাজ্য সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতেই তিনি আগ্রহী। এখন মমতা কী করলেন, সেটা তার ব্যাপার। — আনন্দবাজার পত্রিকা