নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের অন্তর্গত ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন ভিটি মরজাল গ্রামের উপর স্থানীয় এস,বি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান সেফ পাড়াহী মিনারেল ওয়াটার নামক একটি প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। যা চলতি মাসের ১৮ তারিখ আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ওয়াটার কারখানাটির উত্পাদন বন্ধের দাবিতে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর কারখানার সামনে মানববন্ধন কর্মসূচি করেছে পানি রক্ষা পরিষদ, সারড়া সোসাইটি ও ভিটি মরজাল, কুমারটেক, রাজাবাড়ী, বাহ্মণেরটেক ও ধুকুন্দীসহ স্থানীয় অন্তত ৫ গ্রামের লোকজন।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উপস্থিত হাজারো লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের উপর অবস্থান নেন এবং সড়কের উপর বসে প্রায় আধ ঘন্টা ব্যস্ততম সড়কটি অবরোধ করে রাখা হয়।
এসময় দূরদুরান্ত থেকে ছেড়ে আসা সড়কের উভয় পাশে অন্তত অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুরাদ ভুঁইয়া, ইমদাদুল হক খোকন, আমজাদ হোসেন রশিদ উল্লাহ, আবুল খায়ের, বকুল মিয়া, কে, এম জিয়াউল হক, প্রফেসর আব্দুর রহিম, ডা. মো: মনিরুজ্জামান প্রমুখ। বক্তারা আবাসিক এলাকা থেকে অবিলম্বে উক্ত প্রতিষ্ঠানের উত্পাদন ও সকল কার্যক্রম বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টি কর্তৃপক্ষের নিকট জোড়দাবি জানান।
