পার্বত্য-বাঙালি ছাত্র পরিষদের সড়ক অবরোধ

আপডেট : ১৪ জুন ২০১৪, ২১:৫৫
খাগড়াছড়ি’র মহালছড়িতে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। স্থানীয়ভাবে কিছুটা হালকা যানবাহন চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শুক্রবার হঠাত্ সড়ক অবরোধের ডাক দিয়ে যাত্রীদের ভোগান্তিতে পড়তে দেখা গেলেও পুরো উপজেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান, মহালছড়িতে সড়ক অবরোধ শান্তিপূর্ণ ও সফল হয়েছে। শুক্রবার দিনে হঠাত্ করে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা সম্পর্কে তিনি বলেন, ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলকভাবে সাজানো মামলায় জেলা নেতাকে গ্রেফতার করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবত্ অপহরণ, চাঁদাবাজী, মুক্তিপণ আদায়ের মতো ঘটনা ঘটছে। পুলিশ কোন অপরাধীকে এখনো পর্যন্ত ধরতে পারেনি। উল্লেখ্য, বৃহস্পতিবার খাগড়াছড়ি’র মাই ওয়ান টিভির শো’রুম থেকে চাঁদাবাজির মামলায় গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম রানাকে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় শুক্রবার তাত্ক্ষণিক সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয় পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ।