‘অনন্যা পাঠকচক্রের মাধ্যমে সামাজিক আন্দোলনে সচেষ্ট হয়ে উঠতে পারি আমরা। উন্নয়নমুখী ও অবহেলিত নারীদের সামনে তুলে ধরে সামগ্রিক উন্নয়নে আমরা পাঠক-লেখক সবাই মিলে অবদান রাখতে পারি।’ শনিবার সন্ধ্যায় বগুড়ায় পাক্ষিক অনন্যা পাঠকচক্রের বিশেষ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এভাবেই নিজের বক্তব্য তুলে ধরেন পাক্ষিক অনন্যার সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন।
শনিবার সন্ধ্যায় বগুড়ার টিএমএমএস মহিলা মার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন পাক্ষিক অনন্যার উপদেষ্টা সাংবাদিক ফারুক ফয়সাল।
প্রধান অতিথি অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন সমাজের সকল ক্ষেত্রে নারীদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে নারী-পুরুষ সকলকে একসাথে কাজ করতে হবে বলেও অভিমত ব্যক্ত করেন।
তাসমিমা হোসেন এর বগুড়ায় বিশেষ সফর উপলক্ষে অনন্যা পাঠকচক্রের এই বিশেষ আয়োজন হয়ে ওঠে জেলার সম্পাদক-পাঠক, সাহিত্যিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের মিলনমেলা। অনন্যার পাঠক, কর্মজীবী ও গৃহিণী নারীসহ পুরুষরাও এই আয়োজনে স্ফতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএমএস) এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বলেন, ‘টিএমএমএস যেমন নারী উন্নয়নে কাজ করে চলেছে, তেমনি পাক্ষিক অনন্যাও সেরকম কাজেই আলোকিত হচ্ছে। তাই টিএমএমএস পরিবার পাক্ষিক অনন্যার পাশে থাকতে আগ্রহী।’
আয়োজনে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সমাজসেবী আনোয়ারুল ইসলাম বাচ্চু, বগুড়া ইয়ুথ কয়্যার-এর পরিচালক তৌফিকুল আলম টিপু, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না ও বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক। অতিথিরা তাদের নিজ অবস্থান থেকে পাক্ষিক অনন্যার সাথে পথ চলবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
পত্রিকার নানা আঙ্গিক ও পাঠক চাহিদার বিষয়গুলো নিয়ে মুক্ত আলোচনা পর্বে কথা বলেন সাদিয়া শারমিন, তাসনিন জাহান ইমন, ববিতা রাণী বর্মন, মিনতি আক্তার বানু ও কবি জয়ন্ত দেব। অনন্যা সম্পাদককে উত্সর্গ করে স্বরচিত কবিতা পাঠ করে শোনান তানজিলা বেগম।
সবশেষে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আয়োজনের সমাপনী ঘোষণা করেন পাক্ষিক অনন্যার উপদেষ্টা ও সাংবাদিক ফারুক ফয়সাল। পুরো আয়োজন উপস্থাপনা করেন তাহমিনা বেগম।
