পানির ট্যাপ খুললেই সোনা!

আপডেট : ১৫ জুন ২০১৪, ২২:০১
পানির কল খুললেই বের হচ্ছে সোনার টুকরো! এই হাত টানাটানির যুগে মার্কিন মুলুকে একেবারে উলটপুরাণ। না, ঠিক উলটপুরাণ নয়, সোনা পুরাণ বলা চলে। একটা ছোট সোনার চেন গড়াতে গেলে যখন গালে হাত দিয়ে জুলুজুল চোখে মধ্যবিত্ত বাঙালি খবরের কাগজের পাতায় দাম খোঁজে তখন আমেরিকার মনটানা প্রদেশের হোয়াইট হলের কিছু বাড়ির ট্যাপ খুললেই পানির সঙ্গে বেরিয়ে আসছে সোনার টুকরা! কুচি কুচি সোনা। আর সোনার কুচির আভায় সে পানির রং হয়ে ওঠে সোনালী। বাসনকোসন ধোয়ার সময় অনেকে দেখতে পাচ্ছেন, সাদা প্লেটের মধ্যে বিন্দু বিন্দু সোনার কুচি। সেখানকার এক বাসিন্দা ফেসবুকে জানান, তিনি এক বালতি পানিতে বেশ খানিকটা সোনা পেয়েছেন। এক ভদ্রমহিলা প্রথম আবিষ্কার করেন পানির ট্যাপ থেকে সোনা বের হচ্ছে। অন্য কোথাও হলে মানুষ হয়তো খুশি হতো; কিন্তু মার্কিনীরা বড্ড বাস্তববাদী। খাবার আগেই পেট খারাপের কথা ভাবে। খাবারের মান নিয়ে চিন্তার অন্ত নেই তাদের। তাই কলের পানিতে সোনা বেরোনোর আনন্দে নাচানাচি না করে তারা উল্টো পানির মান নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। কোথায় সোনা ধরতে ট্যাপ খুলে বসে থাকবে তা না করে তারা বলছেন, পানিতে সোনা বেরোচ্ছে মানে এটা পান করলে অসুখ হবে। তাই প্রতিবাদ চলছে, ক্ষোভও হচ্ছে। তাদের কথা, পানি হলো পান করে তৃষ্ণা মেটানোর জন্য। সোনা তো জুয়েলারি শপে গিয়ে কিনতে পারব। কিন্তু আসল ঘটনা কি তা জানার জন্য উত্সুক সবাই। মার্কিন পত্র-পত্রিকা জানিয়েছে, যেসব বাড়ির ট্যাপ থেকে সোনার টুকরো বের হচ্ছে তার কিছুটা দূরেই একটা সোনার খনি আছে। কোনোভাবে সোনার খনি থেকে সোনা বেরিয়ে পানির লাইনের সঙ্গে মিশে যাচ্ছে।