ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ইরান ও নাইজেরিয়ার বিশ্বকাপ খেলা চলাকালে বিশ্বকাপ-বিরোধী বিক্ষোভ করার সময় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দক্ষিণাঞ্চলীয় কুরিচিবা শহরের অ্যারেনা দা বাইশাদা স্টেডিয়ামের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষ। বিশ্বকাপবিরোধী প্রায় ২শ’ লোকের একটি মিছিল স্টেডিয়াম অভিমুখে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। উত্তেজিত প্রতিবাদকারীরা আশপাশের ব্যাংক ও দোকানপাটের জানালা-দরজা ও গ্লাস ভাংচুর করে। এ সময় ঘটনাস্থল থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্র-ঘানার খেলার কয়েকঘন্টা আগে নাতাল শহরে অপর এক বিশ্বকাপবিরোধী বিক্ষোভের সময় যুক্তরাষ্ট্রের একটি পতাকা পুড়িয়ে দেয় প্রতিবাদকারীরা। খেলা চলাকালে প্রতিবাদকারীদের ছোট একটি দল দাস দুনাস স্টেডিয়ামের দিকে রওয়ানা হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিশ্বকাপ উপলক্ষে বিপুল অঙ্কের ব্যয়কে অপচয় হিসেবে দেখছে ব্রাজিলের বিশ্বকাপবিরোধীরা। বিশ্বকাপ শুরুর আগে ‘অপচয়ের’ প্রতিবাদে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ করে তারা। কিন্তু ১২ জুন বিশ্বকাপ ফুটবল আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর থেকেই প্রতিবাদ বিক্ষোভে ভাটা পড়ে। মূলত ব্যাপক দুর্নীতি, নিম্নমানের জনসেবা ও বিশ্বকাপে অতিরিক্ত ব্যয়ে ক্ষুব্ধ হয়ে আছে এসব বিক্ষোভকারী।
