এক নম্বর :সুপার বানানা
আফ্রিকা মহাদেশের লাখো মানুষের পুষ্টির চাহিদা মেটাতে বিজ্ঞানীরা এবার জিন প্রকৌশলের মাধ্যমে একটা বিশেষ জাতের কলা ফলিয়েছেন। বিশেষজ্ঞদের কথায়, পুষ্টিমানের বিচারে এই কলা হচ্ছে একেবারে সুপার বানানা। অস্ট্রেলিয়ার গবেষকরা বলছেন, এই কলার আলফা ও বিটা ক্যারোটিন শরীরে যাওয়ার পর ভিটামিন এ তে রূপান্তরিত হবে। সব ঠিক থাকলে ২০২০ সাল নাগাদ উগান্ডায় এই কলার উত্পাদন শুরু হবে পুরোদমে। —ডয়চেভেলে
দাঁতের জন্য জীবন গেল হাতিটির
কেনিয়ায় সবচেয়ে বড় এবং জনপ্রিয় একটি হাতিকে শিকারির হাতে প্রাণ দিতে হয়েছে শুধুমাত্র তার সুবিশাল দাঁতের জন্য। পর্যটকদের কাছে অতিপ্রিয় ‘সাতাও’ নামের এই হাতি শিকার দেশটির জন্য এক বিশাল ক্ষতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পশু শিকারিরা সাভো ইস্ট ন্যাশনাল পার্কে একটি বিষমাখা তীর দিয়ে হাতিটিকে হত্যা করে। বিষক্রিয়ায় ছটফট করতে করতে হাতিটি মারা যাওয়ার পর বর্বর শিকারিরা তার মাথা কেটে নিয়ে দাঁত খুলে নেয়। অসাধারণ দাঁতের এক বিশেষ ধরনের পুরুষ হাতি ছিল সাতাও। বিশালকার দাঁতের জন্যই শিকারিদের নজরে পড়ে গিয়েছিল হাতিটি। তার দাঁত দেখে এমনকি হাতি গবেষণায় ৪০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞরাও বিস্মিত হতেন।
