থ্রিডি স্মার্টফোন অবমুক্ত করল অ্যামাজন

আপডেট : ১৯ জুন ২০১৪, ১৯:৪৭
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অ্যামাজন প্রযুক্তিবিশ্বের সামনে অবমুক্ত করেছে থ্রিডি স্মার্টফোন। বছরখানেক আগে থেকেই অ্যামাজনের থ্রিডি স্মার্টফোনের গুঞ্জন রয়েছে প্রযুক্তিবিশ্বে। গত মাস থেকেই বিভিন্ন ওয়েবসাইটে খবর প্রকাশ হতে শুরু করে যে এই মাসেই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে এই ফোন। কিন্তু অ্যামাজনের কাছ থেকে সেভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। শেষ পর্যন্ত সিয়াটলে অ্যামাজনের একটি ইভেন্টে এই থ্রিডি স্মার্টফোনকে বিশ্বের সামনে পরিচয় করিয়ে দিয়েছেন অ্যামাজনের প্রধান জেফ বেজোস। তাদের কিন্ডল ফায়ার ট্যাবলেট পিসির সাথে নামে মিল রেখে এর নাম রাখা হয়েছে ফায়ার ফোন। তবে একে থ্রিডি ফোন বলা হলেও থ্রিডি গ্লাসের মাধ্যমে যেভাবে থ্রিডি কনটেন্ট ডিসপ্লে করা হয়, এর ডিসপ্লে ঠিক সেভাবে কাজ করে না। এর ডিসপ্লেকে অনেকটা বলা যায় সিউডো-থ্রিডি ডিসপ্লে। আর এই ডিসপ্লে কার্যকর করতে এতে ব্যবহার করা হয়েছে চারটি ফ্রন্টফেসিং ক্যামেরা। এই চারটি ক্যামেরা দর্শকের মাথার নড়াচড়াকে শনাক্ত করে ডিসপ্লের ইমেজকে ত্রিমাত্রিকভাবে প্রদর্শন করে। আবার দুই চোখের বদলে এক চোখ দিয়ে তাকালেও এই ফোনের থ্রিডি ইফেক্ট নষ্ট হয়ে যায় না। বিশ্বের প্রথম থ্রিডি এই ফোনে ব্যবহার করা হয়েছে ২.২ গিগাহার্জের কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর আর ২ গিগাবাইট র্যাম। এর ডিসপ্লের আকৃতি ৪.৭ ইঞ্চি যা ৭২০ পিক্সেল রেজ্যুলেশনের। এর অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ফায়ারওএস ৩.৫। থ্রিডি অভিজ্ঞতার জন্য এতে চারটি ফ্রন্টফেসিং ক্যামেরা ছাড়াও থাকছে আরেকটি ফ্রন্টফেসিং ক্যামেরা এবং একটি ১৩ মেগাপিক্সেল রেয়ার ফেসিং ক্যামেরা। এই ফোনের সাথে ৯৯ ডলার সমমূল্যের অ্যামাজন প্রিমিয়াম মেম্বারশিপ প্রদান করা হচ্ছে বিনামূল্যে। ক্লাউডে ছবি ও ভিডিও সংরক্ষণে জায়গার কোনো সীমাবদ্ধতাও নেই। আর সফটওয়্যারের ক্ষেত্রে রয়েছে অ্যামাজনের নিজস্ব ফায়ারফ্লাই। এটি ব্যবহার করে যেকোনো বিজনেস কার্ড বা বিজ্ঞাপনের ঠিকানার ছবি তুললেই এটি অ্যাড্রেস বুকে তা সংরক্ষণ করবে। কিউআর কোড রিডিংয়ের কাজও করবে এটি। আবার কোনো তারকার ছবি তুললে তা শনাক্ত করে তার সম্পর্কে বিভিন্ন তথ্যও জানিয়ে দেবে ওয়েব ঘেঁটে। আগামী ২৫ জুলাই থেকে এটি ক্রেতাদের হাতে পৌঁছাতে শুরু করবে। এটিঅ্যান্ডটির সাথে দুই বছরের চুক্তিতে ৩২ ও ৬৪ গিগাবাইট স্টোরেজে বাজারজাত করা ফায়ার ফোনের দাম রাখা হয়েছে যথাক্রমে ১৯৯ ও ২৯৯ ডলার।