ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবেরি সুন্নি বিদ্রোহীদের (আইএসআইএল) দমনে তার দেশে যুক্তরাষ্ট্রকে বিমান হামলা চালানোর আহবান জানিয়েছেন। বুধবার সৌদি আরবের জেদ্দায় এক সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান। এদিকে মার্কিন শীর্ষ রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল বলেছেন, ইরাকে হামলার জন্য প্রেসিডেন্ট ওবামা কংগ্রেসকে পাশ কাটাতে পারেন। তিনি বলেন ওবামা জানিয়েছেন, ইরাকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তার কংগ্রেসের আইনপ্রণেতাদের অনুমতি নেয়ার প্রয়োজন হবে না। জেবেরি বলেন, আইএসআইএলকে রুখতে ও তাদের ‘মতবাদ’ ভেঙে দিতে যুক্তরাষ্ট্রকে এ হামলা চালানোর জন্য তারা জোর আহবান জানাচ্ছেন। তিনি বলেন, এ অবস্থায় দেশকে জঙ্গিদের হাত থেকে রক্ষায় এ পথ ছাড়া আর কোন উপায় নেই। তিনি আরো বলেন, আইএসআইএল জঙ্গিদের মোকাবিলায় তাদের মনোবল ভেঙ্গে দিতে এখনই যুক্তরাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। তার এ ধরনের অনুরোধ এমন এক সময়ে আসলো যখন ইরাকে একটি তেল শোধনাগারে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। মার্কিন শীর্ষ সেনা কমান্ডার জেনারেল মার্টিন ডেম্পসে ইরাকের পক্ষ থেকে এ অনুরোধের কথা নিশ্চিত করে বলেছেন, বিষয়টি নিয়ে সিনেটের সাব-কমিটিতে শুনানি অনুষ্ঠিত হবে। জেনারেল ডেম্পসি বলেন, ইরাকে বিমান হামলা চালানোর জন্য আমরা আনুষ্ঠানিকভাবে অনুরোধ পেয়েছি। ইরাকে বিদ্রোহীদের দমনে এগিয়ে যাওয়া এটা আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। এর আগে ইরাকের প্রধানমন্ত্রী নূরি-আল মালিকি বলেছিলেন, বিদ্রোহীদের আক্রমণের পাল্টা জবাব তারা দিচ্ছেন। সে সময়ে বলা হয়েছিল সৈন্যবাহিনী সিরিয়া সীমান্তের কাছে তাল আফার শহর পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।
এদিকে শীর্ষ রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেস নেতাদের জানিয়েছেন, ইরাকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তার আইনপ্রণেতাদের কাছ থেকে অনুমতি নেয়ার প্রয়োজন হবে না। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট এবং সিনিয়র কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকের পর ম্যাককনেল এ কথা জানান। অপরদিকে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন ও ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকের সঙ্গে আলাপ হয়েছে ইরাকি বাহিনীকে সহায়তা করতে কি কি পদক্ষেপ নেয়া যায়। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয় উভয়েই জঙ্গিদের অগ্রযাত্রা ঠেকাতে পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেছেন।
