নাইজেরিয়ার দামাতুরু শহরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আসরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে টেলিভিশনে ব্রাজিল-মেক্সিকোর ম্যাচ দেখার সময় এ হামলা চালানো হয় বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
প্রচণ্ড বিস্ফোরণের ধাক্কায় পুরো জায়গাটি লণ্ডভণ্ড হয়ে গেছে এবং বহু মানুষ হতাহত হয়েছে। বিস্ফোরণের পর কয়েকটি পিকআপ ট্রাকে করে হতাহতদের নিকটবর্তী সানি আবাচা বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণটিকে একটি আত্মঘাতী বোমা হামলা বলে জানিয়েছে বিবিসি।
দেশটির কোনো জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে দামাতুরু ও পাশের ইয়বি রাজ্যে পাঁচ বছর ধরে তত্পরতা চালিয়ে যাচ্ছে বোকো হারাম। দামাতুরু ইয়োবি রাজ্যের রাজধানী। এলাকাটি ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় প্রায় বিধ্বস্ত হয়ে গেছে।
জঙ্গি তত্পরতার কারণে নাইজেরিয়ার যে তিনটি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে ইয়োবি তার অন্যতম। এপ্রিলে ইয়োবির প্রতিবেশী রাজ্য বর্নো থেকে দু’শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় উগ্রপন্থি বিদ্রোহী গোষ্ঠীটি। সম্ভাব্য হামলার আশঙ্কায় নাইজেরীয়বাসীকে খোলা জায়গায় জড়ো হয়ে বিশ্বকাপের খেলা না দেখার অনুরোধ জানিয়েছিল দেশটির সরকার।
