ইউক্রেন সীমান্তে রাশিয়ার ফের সেনা সংখ্যা বৃদ্ধিতে ন্যাটোর হুঁশিয়ারি

আপডেট : ২০ জুন ২০১৪, ২০:৩৪
ইউক্রেন সীমান্তের কাছে ফের সেনা মোতায়েন করেছে রাশিয়া। সৈন্যসংখ্যা বৃদ্ধি করায় দেশটির এ পদক্ষেপকে দুঃখজনক বলে অভিহিত করেছেন ন্যাটো মহাসচিব এন্ডার্স ফগ রাসমুসেন। এছাড়া রাশিয়া যদি আবারো সেদেশে হস্তক্ষেপ করার অভিপ্রায় করে তবে আন্তর্জাতিক সম্প্রদায় কঠোরহস্তে তার জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। গত বৃহস্পতিবার ন্যাটো মহাসচিব একথা বলেন। অন্যদিকে এ মাসেই ইউ’র সাথে ‘সহযোগিতামূলক চুক্তি’ করবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকো। মহাসচিব রাসমুসেন বলেন, মনে হচ্ছে সৈন্য ব্যবহার করে মস্কো আবারো কিয়েভকে আতঙ্কিত করতে চাইছে। তিনি বলেন,আমি নিশ্চিতভাবে জানতে পেরেছি কয়েক হাজারেরও বেশি সৈন্য ইউক্রেন সীমান্তে সমাবেশ করেছে এবং তারা মহড়া দিচ্ছে। তিনি আরো বলেন, প্রতিবেশী দেশ থেকে যাতে কোন অস্ত্র এবং যোদ্ধা প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে যদি তারা এ ব্যবস্থা নিয়ে থাকে তবে সেটি ইতিবাচক। কিন্তু পরিস্থিতি তার সম্পূর্ণ ভিন্নই দেখতে পাচ্ছি আমরা। রাসমুসেন বলেন, রাশিয়া যদি তাদের পূর্ব ঘটনার পুনরাবৃত্তি ঘটায় তাহলে বিশ্ব সম্প্রদায় দৃঢ়ভাবে এর উত্তর দেবে। এদিকে বৃহস্পতিবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে ইউএস ট্রেজারি সেক্রেটারি জ্যাক লিউ বলেছেন, পরিস্থিতি অশান্ত না করে রাশিয়ার উচিত হবে শান্তি পরিকল্পনায় ফিরে যাওয়া। সংকট নিরসনে সর্বসম্মতিক্রমে একটি ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে ইউক্রেনের সঙ্গে কাজ করে যেতে আমরা সবসময়ই দেশটিকে আহ্বান জানিয়ে আসছি। কিন্তু দেশটি যদি তাতে সম্মত না হয় তবে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় আরো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। ন্যাটো জানিয়েছে, সীমান্তের একটি পয়েন্টেই রাশিয়া ৪০,০০০ সেনা মোতায়েন করেছে। অথচ সীমান্ত থেকে বেশিরভাগ সৈন্য এবং অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি সরিয়ে নেয়া হয়েছিল বলে গতমাসে জানিয়েছিল মস্কো।