পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে তালেবান অধ্যুষিত এলাকায় জঙ্গিবিরোধী অভিয়ান শুরু হওয়ার পর উপজাতীয় এলাকা থেকে হাজার হাজার লোক তাদের বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছে। গত বৃহস্পতিবার স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, সেনাবাহিনী কারফিউ শিথিল করার পর-পর গত ৪৮ ঘন্টার মধ্যে প্রায় ৭৬ হাজার ৬শ’ লোক পালিয়ে গেছে। স্থানীয় সরকারি কর্মকর্তা হাছিব খান জানায়, তাদের হিসেব মতে তালেবান অধ্যুষিত এলাকা থেকে কমপক্ষে ১ লাখ ৩৭ হাজারেরও বেশি লোক ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। সবচেয়ে বেশি লোক পালিয়েছে বান্নু এলাকা থেকে। পালানোর সময় ঐ এলাকার লোকজনের সঙ্গে ছিল কম্বল, বালতি, ওয়াটারকুলার, বিছানাপাতিসহ নানা গৃহস্থালি সামগ্রী। আরো ছিল গবাদিপশু ও কুকুর-বিড়ালের মতো পোষা প্রাণীগুলোও।
পাকিস্তানে তালেবানের বিরুদ্ধে সেনাবাহিনী বড় ধরনের অভিযান শুরু করার পর উত্তর-পূর্বাঞ্চলের সেনাদের নির্যাতনের ভয়ে উপজাতীয় বাসিন্দাদের মধ্যে পালিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে যায়। আফগান সীমান্ত সংলগ্ন উত্তর ওয়াজিরিস্তানে সামরিক বাহিনী সেনা, ট্যাঙ্ক ও বিমান সহযোগে আক্রমণ শুরু করে।
উপজাতীয় অঞ্চলে ঘাঁটি গেড়ে বসা তালেবানকে উত্খাত করার জন্য দীর্ঘদিন ধরে এ আক্রমণ চালানোর কথা বলা হচ্ছিল। আফগান সীমান্ত সংলগ্ন পাকিস্তানি উপজাতি এলাকাগুলো আল-কায়েদা ও তালেবান বিদ্রোহীদের শক্ত ঘাঁটি। করাচি বিমানবন্দরে হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ উত্তর ওয়াজিরিস্তানে সেনা অভিযানের অনুমোদন দেন। পাকিস্তান সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, উপজাতীয় অঞ্চলে সব সন্ত্রাসী এবং তাদের আশ্রয়দাতাদের নির্মূল করা হবে।
