যুক্তরাজ্যে দারিদ্র্য বাড়ছে
যুক্তরাজ্যে মার্গারেট থ্যাচারের শাসনামলের পর থেকে গত ৩০ বছরে টাকা-পয়সাহীন গরিব পরিবারের সংখ্যা এখন দ্বিগুণের বেশি বেড়েছে। দেশটিতে মৌলিক অধিকার বঞ্চিত মানুষের ওপর সবচে’ বড় এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, মানুষের জীবনযাত্রা ব্যয় বাড়ায় দারিদ্র্য ঠেকাতে পারছে না পূর্ণকালীন চাকরিও। উপার্জনক্ষম প্রতি ৬ জনের একজনই এখন ‘গরিব’ বলে গণ্য হচ্ছে। ২০১০ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দারিদ্র্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কাজ করা ফ্রাঙ্ক ফিল্ড বলেন, দুঃখজনক হলেও জোরালোভাবে এতে উঠে এসেছে যে চাকরি এখন আর পরিবারের দারিদ্র্য ঘোচাতে পারছে না।
ডেনমার্কে অত্যাধুনিক মসজিদ
উত্তর ইউরোপের দেশ ডেনমার্কে এই প্রথমবারের মতো একটি অত্যাধুনিক মসজিদ নির্মাণ করা হয়েছে। কোপেনহেগেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় মিনারসহ নির্মাণ করা এ মসজিদটির বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। মসজিদটি নির্মাণে কাতার ২ কোটি ৭২ লাখ ডলার অনুদান দেয়।
গাড়িতে শিশুর জন্ম
ইংল্যান্ডের পোর্টসমাউথে গাড়ির মধ্যে জন্ম নেয় একটি শিশু। এ সময়ে গাড়িটি একশ’ মাইল বেগে চলছিল। দিনভর অসুস্থ ২৬ বছর বয়সী টিফানি হাসপাতালে যাবার সময়ে এ ঘটনা ঘটে। গাড়িটি দ্রুতগতিতে চলার কারণে পুলিশ গাড়িটিকে আটকিয়ে দেয়। তখনই ভূমিষ্ঠ হয় ঐ শিশুটি। ঐ সড়কে দায়িত্বরত সার্জেন্ট সিমন গোস বলেন, গাড়িটির উচ্চ গতির কারণে তারা ভেবেই নিয়েছিলেন গাড়িটি চুরি হয়েছে। সে কারণেই ঐ গাড়িটি থামানো হয়। —রয়টার্স
