মাদারীপুরের রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মো. শামিম মুন্সীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে ৮৬ জন শিক্ষক স্বাক্ষরিত একটি অভিযোগপত্র জমা দেন। তার বিরুদ্ধে অশালীন আচরণ, বেতন বৃদ্ধি, শ্রান্তি বিনোদন, টাইমস্কেল ফিক্সেশন, উচ্চধাপ অতিক্রম, সিএনএড, মাতৃত্বকালীনসহ বিভিন্ন কাজে টাকা নেয়ার অভিযোগ রয়েছে। অফিস সহকারী শামিম মুন্সী বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মইনুল ইসলাম জানান, অভিযোগ শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিহিত করা হবে। ইউএনও মো. মিজানুর রহমান জানান, শিক্ষকদের লিখিত অভিযোগের কপি হাতে পেয়েছি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, অভিযোগের কপি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
