সিরিয়ার হামায় গাড়িবোমায় নিহত ৩৪

আপডেট : ২১ জুন ২০১৪, ২০:৪২
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশে গাড়িবোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অর্ধশত মানুষ। শুক্রবার শিয়া অধ্যুষিত হুররা বসতিতে এই হামলা হয়; যার জন্য আসাদ-বিরোধীদের দায়ী করা হচ্ছে। আল-কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্ট সমপ্রতি হামা প্রদেশে বোমা হামলাগুলো চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে শুক্রবারের হামলার সঙ্গে বিদ্রোহীদের কোন পক্ষ জড়িত তা স্পষ্ট নয়। আরেক বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভেন্টের (আইএসআইএল) সঙ্গে রণাঙ্গনে অন্তর্দ্বন্দ্বে জড়িয়েছে নুসরা ফ্রন্ট। সমপ্রতি পার্শ্ববর্তী দেশ ইরাকে কয়েকটি প্রদেশে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আলোচনায় এসেছে আইএসআইএল। শুক্রবার যেখানে হামলা হয়েছে, সেই হুররা গ্রামে শিয়া মতাবলম্বী আলাওতি সমপ্রদায়ের বসবাস। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদও এই সমপ্রদায়ের সদস্য। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, গাড়িবোমা বিস্ফোরণে হতাহতদের অধিকাংশই সাধারণ মানুষ। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন।