চীনের পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশে একটি পুলিশ স্টেশনে হামলা চালানোর সময় পুলিশের গুলিতে ১৩ জন হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় সরকার কর্তৃপক্ষ তাদের ওয়েব সাইটে এক বিবৃতিতে জানান, শনিবার সকালে হামলাকারীরা গাড়ি নিয়ে ঐ পুলিশ স্টেশনের ভিতরে বিস্ফোরণ ঘটায়। এতে তিন পুলিশ সামান্য আহত হলেও বেসামরিক কোন নাগরিক হতাহত হয়নি। চীনা কর্তৃপক্ষ জিংজিয়াং প্রদেশে এ ধরনের বেশ কয়েকটি হামলার জন্য মুসলিম উইঘুর সমপ্রদায়কে দায়ী করেছেন। ঐ এলাকায় এ ধরনের বার বার হামলার পর চীনা কর্তৃপক্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে।
এই হামলার ঘটনায় তদন্ত চলছে উল্লেখ করা হলেও এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য দেয়া হয়নি। জিংজিয়াং এলাকার এই খবর অন্য কোনভাবে যাচাই করা কষ্টকর। কারণ ঐ এলাকার অভ্যন্তরীণ খবরাখবর অত্যন্ত শক্তভাবে নিয়ন্ত্রণ করা হয়। এর আগে সন্ত্রাসী হামলার অভিযোগে গত সোমবার জিংজিয়াং প্রদেশে ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির একটি আদালত।
