ইরাকে বৌ খুঁজছে জঙ্গিরা

আপডেট : ২৩ জুন ২০১৪, ২০:৩৬
জঙ্গিরা নিজেদের দেশ ছেড়ে এসেছে অন্য দেশ দখল করতে। কিন্তু তার আরও একটা দাবিও রয়েছে তাদের। আর সেটা হল বৌয়ের দাবি। ইরাকে এসে এখন বৌ খুঁজছে আইএসআইএস। বেইজি শহরে মানুষ এখন তাই রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন। যখন-তখন দরজায় টোকা পড়ছে। আর খোঁজ চলছে, বাড়িতে অবিবাহিত কোনো মেয়ে আছে কি? না বললেও অবশ্য সহজে পার পাওয়া যাচ্ছে না। তখন হুকুম হচ্ছে, বাড়িতে যারা বিবাহিত, তাদের পরিচয়পত্র নিয়ে আসুন। যুদ্ধবিধ্বস্ত কোনো ছবির গল্প নয়। এই ধরনের ঘটনা এখন আকছার ঘটছে বেইজিতে। একদিকে আইএসআইএস জঙ্গিতে হাত থেকে বেইজির তৈল শোধনাগার রক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে ইরাকি সেনাদের। অন্যদিকে, খানিক দূরে খাস বেইজি শহরেই শুরু হয়েছে জঙ্গিদের নতুন উপদ্রব। অবিবাহিত জঙ্গিরা এখন শহর ঘুরে ঘুরে বৌ খুঁজে বেড়াচ্ছে। আবু লাহিদ নামে এক স্থানীয় বাসিন্দা শোনালেন তার অভিজ্ঞতার কথা। আবুর কথায়, “আমি ওদের (জঙ্গিদের) অনেক বার বললাম যে, আমার বাড়িতে মাত্র দু’জন মহিলা আছেন, দু’জনই বিবাহিত। কিন্তু ওরা আমার কথা মানতে চাইল না। এমন কী মহিলাদের সচিত্র পরিচয়পত্রও দেখতে চাইল। ওরা বলছে, ওরা বিয়ে করেনি। তাই এখন ওদের বৌ চাই।”— আনন্দবাজার পত্রিকা