সমঝোতা স্মারক স্বাক্ষর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারিভাবে এবারই প্রথম শীলংকায় ওষুধ রপ্তানি করবে বাংলাদেশ। ইতিমধ্যে শ্রীলংকা বাংলাদেশ থেকে ৫২৫ ধরনের ওষুধ নেয়ার আগ্রহ দেখিয়েছে। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ থেকে শ্রীলংকায় ওষুধ রপ্তানি করার লক্ষ্যে অনুষ্ঠিত এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং শ্রীলংকার স্বাস্থ্যমন্ত্রী মাইথ্রিপালা সিরিসেনা। আর এ স্বাক্ষরের মাধ্যমে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় শ্রীলংকায় ওষুধ রপ্তানি করা হবে।
বাংলাদেশের ওষুধ শিল্প বিকাশে এ ঘটনাকে বড় ধরনের উদ্যোগ হিসেবে আখ্যায়িত করে স্বাস্থ্যমন্ত্রী এসময় শতভাগ আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ শ্রীলংকায় রপ্তানি করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে এটা একটা ঐতিহাসিক ঘটনা। মন্ত্রী বলেন, শ্রীলংকায় যাতে আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ রপ্তানি করা যায় সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় শিগগিরই একটি কমিটি গঠন করবে। এছাড়া এই কমিটি ওষুধের যৌক্তিক মূল্য নির্ধারণ করবে।
এ সময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বাংলাদেশ ঔষধ শিল্প মালিক সমিতির মহাসচিব আব্দুল মুক্তাদির চৌধুরী, শ্রীলংকার স্বাস্থ্য সেবা পরিচালক পি. জি. মাহিপালা, স্টেট ফার্মাসিউটিক্যাল কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আর এল ধর্মথিলেকেসহ উভয় দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে শ্রীলংকার স্বাস্থ্য মন্ত্রী সচিবালয়ে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রীর সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হন।
