ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ না হলে আবারো অবরোধ

আপডেট : ২৪ জুন ২০১৪, ২০:১৩
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ ও রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন না দেয়ার জন্য আবারো আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, এ আহবানে সাড়া না দেয়া হলে রাশিয়ার বিরুদ্ধে আবারো অবরোধ আরোপ করা হবে। সোমবার হোয়াইট হাউস এ খবর জানায়। হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট ওইদিন ওবামার টেলিফোন আলাপের বিষয়ে সাংবাদিকদের জানান, মস্কো যদি এ আহবানে সাড়া না দেয় তাহলে যুক্তরাষ্ট্র বাধ্য হবে আবারো রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ করতে। মুখপাত্র আরো বলেন, প্রেসিডেন্ট ওবামা পুতিনের সঙ্গে টেলিফোন আলাপকালে বলেছেন, রাশিয়া যেন সীমান্ত পথে ইউক্রেনে অস্ত্র ও বিভিন্ন উপকরণ সরবরাহ না করে। সেই সঙ্গে ওবামা বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন না দেয়ার জন্যও পুতিনের প্রতি আহবান জানান। তিনি বলেন, এই বিচ্ছিন্নতাবাদীরাই ইউক্রেনকে অস্থিতিশীল করে তুলছে। ওবামা হুঁশিয়ারি আরোপ করে বলেন, এর ব্যতিক্রমী কিছু ঘটলে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে আবারো অবরোধ আরোপ করতে বাধ্য হবে। গত মার্চে ইউক্রেনের স্বায়ত্তশাসিত ক্রিমিয়াকে একীভূত করার অভিযোগে ইতিমধ্যে রাশিয়ার উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়াপন্থি বিদ্রোহীরা ইউক্রেনের প্রেসিডেন্টের ডাকা যুদ্ধবিরতিতে সন্মান দেখানোর কথা জানিয়েছেন। বিদ্রোহীদের এ ধরনের কথায় সেখানে কিছুটা শান্তির সুবাতাস বইবে বলে অনেকে মনে করছেন। যুদ্ধবিরতি মেনে চলতে বিদ্রোহীরা যে সম্মতি দিয়েছে এর সমাধানের মূলে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পোরোশেঙ্কারের শান্তি পরিকল্পনা। এটি এক সপ্তাহের যুদ্ধবিরতি। আগামী শুক্রবারে এর সময়সীমা শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত সেখানে সংঘর্ষে তিন শতেরও বেশি লোক নিহত হয়েছে। আর যুদ্ধের এ ভয়াবহতায় সেখান থেকে পালিয়ে গেছে হাজার হাজার মানুষ।