প্রধান তেল শোধনাগার সুন্নি বিদ্রোহীদের দখলে

আপডেট : ২৪ জুন ২০১৪, ২০:১৪
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে বেইজিতে অবস্থিত দেশটির প্রধান তেল শোধনাগার দখলে নিয়েছে সুন্নি বিদ্রোহীরা। জঙ্গিরা ১০ দিন ধরে লড়াই চালানোর পর অবশেষে শোধনাগারটি নিয়ন্ত্রণে নিয়েছে। বেইজি শোধনাগার, শোধনকৃত জ্বালানি সরবরাহের দিক থেকে এটি তৃতীয় অবস্থানে রয়েছে। এদিকে দেশটির কুর্দি নেতাদের সাথে দ্বিতীয়দিনের মত আলোচনা চালাতে উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ওদিকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মসুলসহ উত্তর ও পশ্চিমাঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়েছে। ইসলামি জঙ্গিরা সিরিয়া ও জর্ডানে যাওয়ার সমস্ত পথ তাদের দখলে নিয়ে নিয়েছে। অন্যদিকে বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছেন, কমপ্লেক্সটি পরিচালনার ভার স্থানীয় উপজাতীয়দের হাতে হস্তান্তর করা হবে। তাছাড়া বাগদাদ অভিমুখে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে জানান তিনি। দেশটির প্রধান প্রধান নেতাদের সঙ্গে বৈঠকের পর জন কেরি বলেন, ইরাকের প্রতি তাদের সম্পর্ক এবং সমর্থন অব্যাহত থাকবে। তিনি বলেন, ইসলামিক স্টেট অব ইরাক এ্যাণ্ড লেভান্ট (আইএসআইএস) এর জঙ্গিরা যে হামলা চালিয়েছে সেটি দেশটির অস্তিত্বের ওপর এক ধরনের হুমকি এবং এটি সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। তাই দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সর্বাত্মক সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। দেশটিতে অবস্থানকালে বিভিন্ন শিয়া ও সুন্নি নেতা এবং প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সাথেও দেখা করেন কেরি। সোমবার ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে বৈঠককালে কেরি তাকে আরো ব্যাপকভিত্তিক সরকার গড়ার আহ্বান জানান। যে সরকারে সুন্নি প্রতিনিধি থাকবে বেশি। কেরির এ আহ্বানের জবাবে মালিকি ১ জুলাইয়ের মধ্যে ইরাকে নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তবে বলেন,‘সরকারের নেতৃত্বে কারা থাকবে তা ইরাকিদের বলে দেয়ার অধিকার কোনো দেশের নেই। এটি নির্ধারণ করবে ইরাকের জনগণ’।