যোগাযোগের মাধ্যম হিসেবে ইমেইল ছাড়া আমরা একটি দিনও কল্পনা করতে পারি না। দুনিয়াজোড়া বহুল ব্যবহূত এই সেবার উদ্ভাবক হিসেবে প্রযুক্তির ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন মার্কিন প্রোগ্রামার রে টমলিনসন। তার পুরো নাম রেমন্ড স্যামুয়েল টমলিনসন। ১৯৪১ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন টমলিনসন। রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউটের একটি কলেজে তিনি পড়ালেখা করেন। ওই সময়ে আইবিএম-এ একটি ইন্টার্নশিপেও যোগ দেন তিনি। পরে ১৯৬৩ সালে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে ১৯৬৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। ১৯৬৭ সালে তিনি বোল্ট, বেরানেক অ্যান্ড নিউম্যান (বর্তমানে বিবিএন) নামক এক প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন। সেখানে কাজ করতে গিয়েই তিনি উদ্ভাবন করেন টেনেক্স অপারেটিং সিস্টেম যাতে অন্তর্ভুক্ত ছিল আর্পানেট নেটওয়ার্ক কন্ট্রোল প্রটোকল। আর্পানেটে ফাইল স্থানান্তরের প্রথম প্রোগ্রামটি তিনিই লিখেন। আর এর মাধ্যমেই সূচিত হয় ইমেইলের যাত্রা, যা বিশ্ব যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। তার কাজের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক প্রচুর পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন টমলিনসন। ২০১১ সালে এমআইটির শীর্ষ ১৫০ উদ্ভাবকের তালিকাতে তিনি ছিলেন চতুর্থ স্থানে। ইন্টারনেট সোসাইটির ইন্টারনেট হল অব ফেমেও রয়েছে টমলিনসন।
