মুক্তির অপেক্ষায় থাকা হলিউডের একটি চলচ্চিত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরীয় প্রেসিডেন্ট কিম জং-উনকে নিয়ে নির্মিত ঐ চলচ্চিত্রটি মুক্তি দেয়া হলে তা ‘ক্ষমাহীন’ দৃষ্টিতে দেখা হবে না বলেও মন্তব্য করেছে দেশটির কর্তৃপক্ষ।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’কে বলেন, চলচ্চিত্রটি মুক্তি দেয়া হলে তা ‘যুদ্ধাচরণে’র শামিল হিসেবে গণ্য হবে। ওই মুখপাত্র আরো বলেন, ‘আমাদের উচ্চ পর্যায়ের নেতাকে আঘাত করে চলচ্চিত্র নির্মাণ এবং তা মুক্তি দেয়া সন্ত্রাস ও যুদ্ধের মতো গর্হিত আচরণ। এ ধরনের আচরণ সহ্য করা হবে না।’ এছাড়া, এ ঘটনাকে তিনি ‘বেপরোয়া যুক্তরাষ্ট্রের উসকানিমূলক ও বুদ্ধিহীন আচরণ’ বলেও উল্লেখ করেন। চলচ্চিত্রটির নির্মাতাকে ‘গ্যাংস্টার’ বলেও অভিহিত করেন তিনি। জনগণ ও সৈন্যদের কাছে উত্তর কোরিয়ার নেতৃত্বের প্রতি ‘ঘৃণা ও ক্রোধ’ জন্মানোর উদ্দেশ্যে নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রশাসন যদি চলচ্চিত্রটি মুক্তি দেয় তাহলে এ ধরনের ক্ষমাহীন আচরণের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়া হবে।’ তবে ঐ মুখপাত্র সরাসরি চলচ্চিত্রটির নাম উল্লেখ করেননি।
আগামী অক্টোবরে মুক্তির প্রতীক্ষায় থাকা ‘দ্য ইন্টারভিউ’ নামে হলিউডের একটি চলচ্চিত্রে কিমকে হত্যা করা নিয়ে একটি কাহিনী রয়েছে। অ্যাকশন-কমেডি ঘরানার ওই চলচ্চিত্রে অভিনয় করেন জেমস ফ্রাঙ্কো ও সেথ রোগেন। চলচ্চিত্রটিতে একটি টক শো’র আয়োজক হিসাবে তারা অভিনয় করেছেন এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র নিয়োগ করা এক ব্যক্তিকে উনের সাক্ষাত্কার নিতে পাঠিয়ে তাকে হত্যার ষড়যন্ত্রের কাহিনী দেখানো হয় এতে। ইউটিউবে পোস্ট করা চলচ্চিত্রটির ট্রেইলারে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের মতো দেখতে এক অভিনেতাকেও দেখা গেছে। এছাড়া, দেশটির ট্যাঙ্ক, হেলিকপ্টার ও পারমাণবিক ক্ষেপণাস্ত্রের আদলে যুদ্ধযানও চলচ্চিত্রটিতে ব্যবহার করা হয়েছে।
