চাং ওনই থাকছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

আপডেট : ২৬ জুন ২০১৪, ২০:৩৬
চাং হং ওনই দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী থাকছেন। তাকে স্বপদে রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পার্ক জিউন হাই। গত এপ্রিলে দেশটির রাজধানী সিউলে ফেরি দুর্ঘটনার জের ধরে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় প্রধানমন্ত্রী। পার্ক বলেন, তার ঐ সিদ্ধান্ত ছিল মর্মান্তিক। গত ১৬ এপ্রিল দেশটিতে ফেরি ডুবে ৩০০ জন মারা যায়। ফেরিটি মোট ৪৭৬ জন যাত্রী নিয়ে যাচ্ছিল, যাদের বেশিরভাগই স্কুলপড়ুয়া শিশু। এরপরই দেশটির প্রশাসনের ওপর খড়গ নেমে আসে। সমালোচকরা মনে করেন, দুর্যোগ মোকাবিলায় সরকার পুরোপুরি অদক্ষতার পরিচয় দিয়েছে। উদ্ধার তত্পরতা পর্যাপ্ত হলে তারা আরো মানুষের জীবন রক্ষা করতে পারত। দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পার্ক মন্ত্রিপরিষদে সংস্কার ও প্রেসিডেন্ট দপ্তরের বিভিন্ন পদে পরিবর্তন এনেছেন। এছাড়া তিনি অদক্ষতা ও দুর্নীতি নির্মূলে আমলাতন্ত্রের সংস্কার করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছে গণমাধ্যমটি।