সংবাদ কণিকা

আপডেট : ২৬ জুন ২০১৪, ২০:৩৬
ইলিশ চেখে আসুন—সুষমাকে মমতা বরিশাল বা ভোলার ইলিশের স্বাদ নিতে যেন ভুল না হয় ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে সে পরামর্শই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরুদ্দিন বৃহস্পতিবার বলেন, “বাংলাদেশ সফরের জন্য সুষমা নিরলস প্রস্তুতি নিয়েছেন। সেই প্রস্তুতির অংশ হিসাবেই তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।” সন্ধ্যায় ঢাকার বিমান ধরার আগে মমতার সঙ্গে টেলিফোনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী নেহাত্ই সৌজন্যের ফোনালাপ। — আনন্দবাজার পত্রিকা গুহা থেকে ১২ দিন পর উদ্ধার! জার্মানির গভীরতম গুহায় আটকে-পড়া আহত এক অনুসন্ধানকারীকে ১২ দিন পর উদ্ধার করা হয়েছে। ১৯ জুন বৃহস্পতিবার জটিল এক উদ্ধার অভিযানের মধ্যদিয়ে তাকে পৃথিবীপৃষ্ঠে তুলে আনা সম্ভব হয় বলে বাভারিয়ার পার্বত্য উদ্ধার সেবা সংস্থা জানিয়েছে। ৫২ বছর বয়সী জোহান ওয়েস্টথাউজার একজন গুহাতত্ত্ববিদ (স্পেলিওলজিস্ট) ৮ জুন মাথায় পাথর পড়লে আহত হন। এরফলে তিনি খাড়া ও সংকীর্ণ ওই গুহা থেকে ভূপৃষ্ঠে উঠে আসতে পারছিলেন না। তার আহতাবস্থা এবং সরু ও খাড়া দেয়ালের কারণে তাকে উদ্ধার করতে দীর্ঘ সময় লেগেছে। কারণ বিষয়টি ছিল কঠিন ও ঝুঁকিপূর্ণ। ওয়েস্টথাউজারকে উদ্ধারে প্রায় ৭০ জন উদ্ধারকর্মী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে চিকিত্সকও ছিলেন। — রয়টার্স থাইল্যান্ডে মার্কিন সহায়তা স্থগিত যুক্তরাষ্ট্র থাইল্যান্ডে সহায়তা আবারো স্থগিত করেছে। এছাড়া দেশটি থেকে যুক্তরাষ্ট্রের একটি বড় মহড়া অন্যত্র সরিয়ে নেয়ার কথাও বিবেচনা করা হচ্ছে। থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থান ঘটায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা স্কট মার্সিয়েল কংগ্রেসকে জানান, থাইল্যান্ডের বিরুদ্ধে নেয়া পদক্ষেপের অংশ হিসেবে ওয়াশিংটন ৪৭ লাখ মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা তহবিল আটকে দিয়েছে। এটা মিত্র দেশটিকে দেয়া যুক্তরাষ্ট্রের বার্ষিক ১ কোটি ৫ লাখ সহায়তা তহবিলের প্রায় অর্ধেক। —এএফপি