ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো দেশটির প্রধান মুসলিম বিদ্রোহী সংগঠনের নেতার সঙ্গে জাপানে এক আকস্মিক বৈঠক করেছেন। শান্তি চুক্তি বাস্তবায়ন বিলম্বে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার তাদের সহকারীরা এ কথা জানান। প্রেসিডেন্টের মুখপাত্র এডউইন ল্যাসিয়ের্দা বলেন, হিরোশিমায় একটি শান্তি সম্মেলনের ফাঁকে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে অ্যাকুইনো ও মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ)-এর চেয়ারম্যান মুরাদ ইবরাহিম অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বিদ্রোহীদের এক মুখপাত্র বলেন, একটি খসড়া আইনের পর মার্চ মাসে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নে বিলম্ব হওয়ায় এমআইএলএফ উদ্বেগ জানাতে সরকার পক্ষের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিল। চূড়ান্ত শান্তির জন্য গুরুত্বপূর্ণ খসড়া আইনটি চলতি মাসে কংগ্রেসে পাস হয়নি।
প্রেসিডেন্টের মুখপাত্র জানান, বৈঠকটি ১৫ মিনিট স্থায়ী হয়। বৈঠকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে স্বায়ত্তশাসিত মুসলিম অঞ্চল গঠনের জন্য পরিকল্পিত আইনের ব্যাপারে উভয় নেতার মধ্যে আলোচনা হয়। ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলোর স্বাধীনতা অথবা স্বায়ত্তশাসনের দাবিতে মুসলিম বিদ্রোহীরা ১৯৭০’র দশক থেকে সংগ্রাম চালিয়ে আসছে। এ যুদ্ধে হাজার হাজার লোক প্রাণ হারিয়েছে।
