বস্তাবন্দী লাশ উদ্ধার

আপডেট : ২৭ জুন ২০১৪, ২২:১২
পুরান ঢাকার চকবাজার থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বকশীবাজারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কার্যালয়ের পাশের ফুটপাতে বস্তাটি পাওয়া যায়। আনুমানিক ৪০ বছর বয়সী ঐ ব্যক্তিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা। চকবাজার থানার এসআই অনাথ মৈত্র জানান, পাটের বস্তার ভেতরে একটি কার্টনের মধ্যে রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি ছিল। তার পরনে ছিল ঘিয়ে রঙের ফুলশার্ট ও ছাই রঙের ফুলপ্যান্ট। পোশাক দেখে তাকে সম্ভ্রান্ত পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ। নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিý ছিল, যা লাঠি দিয়ে পেটানোর দাগ বলে ধারণা করা হচ্ছে। অন্য কোথাও পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা রাতের অন্ধকারে লাশটি ঐ স্থানে ফেলে যায়। তিনি জানান, ফুটপাতে বস্তাটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে সকাল ৬টার দিকে পুলিশ বস্তাটির মুখ খুলে লাশ দেখতে পায়। চকবাজার থানার ওসি আজিজুল হক জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। সেই সঙ্গে হত্যা রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।