বিশ্বকাপ দেখতে রঙিন টিভি পেয়েছেন বন্দীরা

আপডেট : ২৮ জুন ২০১৪, ২১:১৯
চলতি ফুটবল বিশ্বকাপের আনন্দে মেতে উঠেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের বন্দিরাও। রঙিন টিভিতে তারা খেলা দেখছেন। কারাবন্দিদের জন্য ইতিমধ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান রঙিন টিভি প্রদান করেছেন। এছাড়া প্রচণ্ড গরমের এই সময়ে বেশকিছু বৈদ্যুতিক পাখাও অনুদান পেয়েছে কারা কর্তৃপক্ষ। কারা সূত্র জানায়, বন্দীদের বিনোদন ও বিশ্বকাপ ফুটবল খেলা দেখার ব্যবস্থা করার উদ্যোগ নেন সিনিয়র জেল সুপার কামাল হোসেন। তার প্রচেষ্টায় দানশীল ব্যক্তিরা বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী প্রদান করেন। এর মধ্যে সিলেট টেনিস ক্লাব ২টি রঙ্গিন টেলিভিশন, ওয়ার্ড কাউন্সিলর বাকের হোসেন একটি রঙ্গিন টেলিভিশন এবং বিভিন্ন ব্যক্তি ও সংস্থা ৪০টি বৈদ্যুতিক পাখা প্রদান করেছে।