যমজদের সম্পর্কে সাধারণত লোকে কিছুটা অতিরিক্ত আগ্রহী হয়ে থাকে। বিশেষ করে ‘অভিন্ন’ যমজ বা আইডেন্টিক্যাল টুইনদের প্রসঙ্গ উঠলে অধিকাংশ মানুষই কিছুটা নড়েচড়ে বসে। কারণ এ জাতীয় যমজরা দেখতে হুবহু একই রকম হয়। বর-কনে উভয়ই যদি অভিন্ন যমজ হয় তাহলে মানুষের আগ্রহের কমতি থাকে না। বিশ্বে অভিন্ন যমজ ভাইদের সঙ্গে অভিন্ন যমজ বোনদের বিয়ের ঘটনা খুব বেশি ঘটেনি। বহু কষ্টে মাত্র ২৫০টি এমন বিয়ের উদাহরণ পাওয়া গেছে। এমনই কয়েকটি দম্পতির কথা তুলে ধরা হলো—
বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে
প্রেম, পরে বিয়ে
যুক্তরাষ্ট্রের অ্যাবিলেন ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়তে এসে অভিন্ন যমজ ভাই এরিক ও নিকোলাস স্মিথের প্রেমে পড়ে যায় যমজ দুই বোন জিনা ও গেলেন গ্ল্যাসকক। তাদের নিয়ে সহপাঠিরা প্রায়ই ঠাট্টা মশকরা করতো। কিন্তু তারা সে সব পাত্তা দিতো না। এভাবে তিন বছর চুটিয়ে প্রেম করার পর নিকোলাস ও এরিক তাদের গার্লফ্রেন্ডদের বিয়ের প্রস্তাব দিল। তারপর আর কি! বিয়ের পিঁড়িতে বসে পড়লো দুই জোড়া জমজ কপোত-কপোতী।
ছেলের বউদের চিনতে কষ্ট
রাশিয়ার পেচোরা শহরের বাসিন্দা যমজ দুই ভাই আলেক্সেই ও দেমিত্রি সেমিনভ। বছরখানেক আগে সেন্ট পিটার্সবার্গ শহরে এক ড্যান্স পার্টিতে যমজ বোন লায়লা ও লিয়ানাকে দেখে মনে ধরে যায় দুই ভাইয়ের। দু’ভাইয়ের সঙ্গে পরিচিত হয়ে তাদেরকেও ভাল লাগে দু’বোনের। এক বছর প্রেম করার পর বিয়ে হয় দুই যুগলের। কিন্তু বিয়ের পর বাধে বিপত্তি। দুই ছেলেকে চিনতে পারলেও ছেলের বউদের চিনতে প্রায়ই ভুল করে থাকেন আলেক্সেই ও দেমিত্রির মা। এমনকি দুই যমজ দম্পতিও স্বীকার করেছেন যে মাঝে মাঝে তাদেরও এমন ভুল হয়ে যায়। ভেবে দেখুন কি বিব্রতকর পরিস্থিতি।
দু’জন নয়, চারজন
চীনের ইউ’র একটি রেস্টুরেন্ট প্রায় ২৪ ঘণ্টাই খোলা থাকে। সেখানে খেতে গেলে দেখা যাবে রেস্তোরাঁর মালিক ও তার স্ত্রীই সবকিছু সামলাচ্ছেন। দিনরাত তারা হাড়ভাঙা পরিশ্রম করছেন। রেস্তোরাঁর ভেতরে গিয়ে রান্নাবান্না করছেন এবং খাবার নিয়ে এসে ক্রেতাদের পরিবেশন করছেন, টেবিল পরিষ্কার করছেন। মাত্র দু’জন কি করে এত বড় রেস্তোরাঁ চালাচ্ছেন, এটা ভেবে সবাই অবাক। রেস্তোরাঁর নামও লোকে দিয়ে দিলো-‘রোবট দম্পতির রেস্তোরাঁ’। পরে ভালভাবে খোঁজ নিয়ে জানা গেল আসলে রেস্তোরাঁ চালাচ্ছেন দুজন নয়, চারজন। এখানেও সেই জোড়া যমজ দম্পতির ঘটনা। যমজ দুই ভাই বিয়ে করেছেন যমজ দুই বোনকে। দুই বউ দেখতে একই রকম। দুই স্বামী দেখতেও হুবহু এক চেহারার। দুজন কাজ করেন ভেতরে, বাইরে করেন বাকি দুজন। আর লোকে মনে করে দুজনই রেস্তোরাঁ চালাচ্ছেন।
যমজ জোড়া দম্পতির
হীরক জয়ন্তী পালন
১৯৪৭ সালের এক সুন্দর সকালে যুক্তরাষ্ট্রের বাসিন্দা ফ্র্যাংক সিনটন তার প্রতিবেশী আইরিন ইভানসকে বিয়ের প্রস্তাব দেন এবং সেই প্রস্তাবে সাড়াও মেলে। মজার ব্যাপার হলো একই দিন ফ্রাংকের যমজ ভাই রয়, আইরিনের যমজ বোন জয়স টটকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এর কয়েকদিন বাদেই তাদের বিয়ে হয়ে যায়। ৮৩ বছর বয়সী এই জোড়া যমজ দম্পতি ৬০ বছর সুখী দাম্পত্য জীবন কাটিয়ে তাদের বিবাহবার্ষিকী বেশ ধুমধাম করে উদযাপন করলেন।
৫ সন্তান নিয়ে দু’জোড়া
দম্পতির সুখের সংসার
নিউইয়র্কের বার্বি ক্যানটর ও তার অভিন্ন যমজ বোন চেরিলের সঙ্গে ৩০ বছর আগে বিয়ে হয় অভিন্ন যমজ দুই ভাই ব্রুস ও ব্যারি গোল্ডেনবার্গের সঙ্গে। ৫ সন্তান নিয়ে এই দুই দম্পতি সুখেই আছেন। তবে একটা দুঃখজনক ব্যাপার হলো অভিন্ন যমজের সঙ্গে অভিন্ন যমজের বিয়ে হলে তাদের সন্তানদের জেনেটিক গঠনে প্রায়শই কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। কারণ অভিন্ন যমজদের ডিএনএ একই রকম হয়ে থাকে।
