সার্কভুক্ত সকল দেশকে সহায়তা দেবে এমন একটি উপগ্রহ নির্মাণের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে আহ্বান জানিয়েছেন দেশটির নব নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি বিজ্ঞানীদের উদ্দেশ্যে একথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে পিএসএলভি সি২৩ রকেট সাফল্যের সাথে উেক্ষপণের পর মহাকাশ বিজ্ঞানীদের উদ্দেশ্য করে মোদী বলেন, ভারতের মহাকাশ গবেষণার সুবিধা অন্যান্য উন্নয়নশীল দেশ বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর পাওয়া উচিত। মোদী বলেন, আপনাদের উচিত একটি সার্ক উপগ্রহ তৈরি করা। প্রতিবেশী দেশগুলোকে আমরা এটি উপহার হিসেবে দিতে চাই। তিনি আরো বলেন, মহাকাশ বিজ্ঞান কেবল এলিটদের জন্য-এমন তত্ত্ব এখন দূরীভূত করতে হবে। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। এ বিজ্ঞান গরীবদের জীবন পরিবর্তনে সহায়তা করে, প্রত্যন্ত গ্রামের দরিদ্র শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেয়, টেলিমেডিসিন সহায়তা, তরুণদের জন্য নতুন নতুন চাকরি ক্ষেত্র তৈরি করা এবং এ প্রযুক্তি দূরত্বকে নিয়ে এসেছে বাড়ির দোর গোড়ায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এর ক্ষমতায় ১২৫ কোটি ভারতীয় পরস্পরের সান্নিধ্যে আসতে পারে বলে জানান মোদী।
