উত্তর কোরিয়ায় সমপ্রতি আটককৃত দুই মার্কিন নাগরিককে বিচারের মুখোমুখি করা হচ্ছে। তাদেরকে ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানোর অভিযোগে আটক করা হয়। রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ জানিয়েছে, আটককৃত দুই মার্কিন নাগরিক হলেন ম্যাথু মিলার ও জেফরি ফোউল। শিগগিরই তাদের আদালতের মুখোমুখি করা হবে। তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জেফরি ফোউল ২৯ এপ্রিল ট্যুরিস্ট ভিসায় উত্তর কোরিয়ায় প্রবেশ করেছিলেন। জুন মাসের প্রথমদিকে তাকে আটক করা হয়। অন্যদিকে ম্যাথু মিলারকে গ্রেফতার করা হয় চলতি বছরের ১০ এপ্রিল মাসে। ম্যাথু জনসমক্ষে তার ট্যুরিস্ট ভিসাটি মুচড়ে চিত্কার করে বলেছিলেন ‘একটি ভালো আশ্রয়ের জন্য কোরিয়াতে এসেছি।’
এদিকে কেনেথ বে নামক এক মার্কিন-কোরীয় বংশোদ্ভূত ধর্মযাজক বর্তমানে কারাগারে আটক আছেন। তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ: তিনি ধর্মপ্রচারের নামে রাষ্ট্রের বিরুদ্ধে অসন্তোষ জাগিয়ে তুলছিলেন। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কেনেথ বে-কে উদ্ধারের চেষ্টা করা হয়েছে। কিন্তু উদ্যোগ সফল হয়নি।
