টোংগায় শক্তিশালী ভূমিকম্প
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ টোংগায় সোমবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৪। তবে এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি টোংগার হিহিফো শহরের ১৯৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে রাত ৩টা ৫২ মিনিটে এ আঘাত হানে। ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। টোংগা তথাকথিত প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত হওয়ায় দেশটিতে মাঝে মধ্যেই এ ধরনের ভূমিকম্পের ঘটনা ঘটে।—এএফপি
মাকড়সা মারতে গিয়ে গ্রেফতার
ঘরে একটি মাকড়সাকে আগুন দিয়ে মারার চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক নারী। যুক্তরাজ্যের ‘দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকার খবরে বলা হয়, অগ্নিসংযোগ চেষ্টা ও মাকড়সা জাতীয় প্রাণী ধ্বংসের অভিযোগে জিনি এম গ্রিফিথ (৩৪) নামের ওই নারীকে শুক্রবার কানসাস সিটির হাচিনসন থেকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র পুলিশ। ওই নারী পুলিশকে জানায়, বাসায় একটি মাকড়সা দেখে তা মারার জন্য সিগারেটের লাইটার দিয়ে কয়েকটি তোয়ালেতে আগুন ধরান তিনি। আর এতেই ধোঁয়া ছড়িয়ে পড়ে। এরপর তাকে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার করে রেনো অঞ্জলের একটি কারাগারে আটকে রেখেছে পুলিশ। মাকড়সা প্রজাতির ক্ষতি করার কারণে তাকে ৭ হাজার ৫শ ডলার জরিমানা করা হয়েছে। —রয়টার্স
শিশুরা অবৈধভাবে যাচ্ছে যুক্তরাষ্ট্রে
প্রতিদিন হাজার হাজার অবৈধ অভিবাসী প্রবেশ করে যুক্তরাষ্ট্রে। কিন্তু মার্কিন সরকারের জন্য নতুন এক দুশ্চিন্তার বিষয় হলো ইদানিং মধ্য আমেরিকা থেকে সেখানে অবৈধভাবে প্রবেশ করছে অসংখ্য শিশু। গত অক্টোবর থেকে এ পর্যন্ত ৫২ হাজারের মতো শিশু কোন ধরনের অভিভাবক ছাড়াই প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রে। তাদের নিয়ে হিমসিম খাচ্ছে মার্কিন কর্তৃপক্ষ। —বিবিসি
মঙ্গোলিয়ার বনভূমি বিপন্ন হচ্ছে
সাইবেরিয়ার বিখ্যাত ‘তাইগা’ বনভূমি বিপন্ন হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এ বনভূমি ক্রমেই সংকুচিত হচ্ছে। তা রোধ করতে এবার মাঠে নেমেছেন মঙ্গোলিয়ার বন বিভাগের শিক্ষার্থীরা। তাপমাত্রা বৃদ্ধির ফলে হরিণ, ভাল্লুক, নেকড়েসহ নানান জীবজন্তু তাদের আবাস হারাচ্ছে। আর সেই সঙ্গে হারাচ্ছে তাইগার মনোরম সৌন্দর্য। শিক্ষার্থীরা গত এক সপ্তাহ ধরে শিখছেন, কিভাবে গাছ কাটতে হয়, গাছ কেটে কিভাবে জঙ্গলে অগ্নিপ্রতিরোধের ব্যবস্থা করা যায়, কিভাবে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করা যায়। —ডয়েচে ভেলে
