সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে অরকুট একটা সময়ে ব্যাপক জনপ্রিয় ছিল। বিশেষ করে ভারত, ব্রাজিলের মতো দেশে এটি একসময় শীর্ষ ওয়েবসাইট হিসেবেও রাজত্ব করেছে। সময়ের সাথে সাথে অবশ্য ফেসবুক বা টুইটারের প্রসারে অরকুটের ব্যবহারকারী দ্রুত কমতে থাকে। এখন এটি অনেকটাই অনাকাঙ্ক্ষিত একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ফলে শেষ পর্যন্ত একে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তই গ্রহণ করেছে এর স্বত্ত্বাধিকারী গুগল। এক ব্লগপোস্টে অরকুটের ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর পাওলো গলঘার জানান, ৩০ সেপ্টেম্বর স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে অরকুট। আর এখন থেকেই এতে কোনো নতুন অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। অরকুট ব্যবহারকারীরা চাইলে গুগল টেকআউট ব্যবহার করে অরকুট প্রোফাইলের তথ্য, কমিউনিটি পোস্ট বা ছবি সরিয়ে নিতে পারবেন। গত ১০ বছর যারা অরকুটের সাথে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান পাওলো।
