নির্বাচনের আগে সংবিধান সংশোধন করতে চান সু চি

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২০:৪৫
মিয়ানমারে ২০১৫ সালের নির্বাচনের আগে প্রেসিডেন্ট পদপ্রার্থীতার ওপর বাধা-নিষেধ দূর করতে সংবিধান সংশোধনের চেষ্টা জোরদার করেছেন বিরোধী দলীয় নেত্রী অং সান সু চি। —বিডি নিউজ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের কারণে সু চি ১৯৯১ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত হয়ে ওঠেন। মিয়ানমারে সামরিক জান্তা সরকারের শাসনামলে দু’দশক গৃহবন্দিও ছিলেন তিনি। দেশে সু চির ব্যাপক জনপ্রিয়তা আছে। কিন্তু সংবিধানে তার ক্ষমতায় আরোহণ নিষিদ্ধ থাকায় সু চি তার প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা পূরণে অপারগ। সু চি সংবিধান সংশোধন করে এ বাধা দূর করার পাশাপাশি সামরিক বাহিনীর সংবিধান সংশোধনের ক্ষমতা সংক্রান্ত একটি ধারাও পরিবর্তন করতে চান। মিয়ানমারে প্রায় অর্ধশতাব্দীর সেনা শাসনের পর ২০১০ সালের নভেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে ২০১১ সালে আধা বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট থেইন সেইনের এ সরকার ক্ষমতায় এসেই রাজবন্দিদের মুক্তি দেয়াসহ অনেক সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ২০১০ সালের নভেম্বরেই গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান সু চি।