অধিকৃত পূর্ব জেরুজালেমে এক কিশোরের মৃত্যুর ঘটনায় পুলিশের সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষে অসংখ্য মানুষ আহত হয়েছে। এটাই এ বছরের মধ্যে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা। শহরের বাইরে একটি বনে এক কিশোরের বিকৃত শরীর পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনার পরই বুধবার পুলিশের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কিশোরটির নাম মোহাম্মদ আবু খদাইর (১৭) হয়ে থাকতে পারে। তার বাড়ি পার্শ্ববর্তী শুয়াফাত এলাকায়। গত বুধবার সকালের দিকে তাকে অপহরণ করা হয়। এ সপ্তাহের প্রথমদিকে অধিকৃত পশ্চিমতীরে বসতি স্থাপনকারী তিন ইসরাইলিকে অপহরণ করা হয়। তার প্রতিশোধ নিতেই এ ঘটনা ঘটানো হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ওদিকে এ ঘটনায় শুয়াফাত এলাকায় দিনের অর্ধেকেরও বেশি সময় ধরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ তাদের ওপর গ্রেনেড ও রাবার বুলেট ছুঁড়ে মারে। এদিকে পুলিশের এক মুখপাত্র জানিয়েছে, আবু খদাইর নিখোঁজ রয়েছে বলে গত বুধবার পুলিশকে জানানো হয়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি তখন মসজিদে যাচ্ছিলেন। এমন সময় দুই- তিনজন মিলে কিশোরটিকে গাড়িতে তুলে নিয়ে যায়। তবে কিশোরটির শরীর এতটাই পুড়ে গেছে যে এখন পর্যন্ত তার কোন পরিচয় নিশ্চিত করা যায়নি। ফলে ডিএনএ পরীক্ষার জন্য পরীক্ষাগারে তার নমুনা পাঠানো হয়েছে।
