বড়াইগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ মহিলাসহ আহত ৮

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৪৫
নাটোরের বড়াইগ্রাম পৌর শহরের লক্ষ্মীকোল বাজারে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে আটজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ রাতেই দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সালাম না দেয়ায় লক্ষ্মীকোল বাজারে ছাত্রলীগের সিনিয়র গ্রুপের মোহাব্বত আলী জুনিয়র গ্রুপের মিঠুনকে শাসায়। এতে ক্ষিপ্ত হয়ে মিঠুন মোহাব্বতকে লাঠিপেটা করে। পরে রাত ৯টার দিকে মোহাব্বতের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বাজার সংলগ্ন মিঠুনের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা মিঠুনের বড়ভাই রিপনকে (২৬) চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এবং রিপনের স্ত্রী রুমানা (২১), শিপন (২৩), তার স্ত্রী মৌসুমী (১৯) এবং চাচী রাজিয়া খাতুনকে (৪৫) পিটিয়ে আহত করে। আহতদের মধ্যে রিপন ও মোহাব্বত আলীকে নাটোর সদর হাসপাতালে এবং অন্যদের বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ রাতেই ছাত্রলীগ কর্মী লক্ষ্মীকোলের আব্দুর রহমানের ছেলে লিটন (২০) ও কবিরউদ্দিনের ছেলে জিয়াউর রহমানকে (২১) আটক করেছে।