বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ব্রাজিল যাচ্ছেন মোদী

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২০:৫২
প্রধানমন্ত্রিত্বের প্রথম মাসে সার্ক ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে অগ্রাধিকার দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার লাতিন আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিস্তারে আগ্রহ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। এছাড়া চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তিনি। এ মাসের ১৫-১৬ তারিখ ব্রাজিলে ব্রিক্স (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার যৌথ মঞ্চ) সম্মেলন। এই সম্মেলনের মঞ্চকে ব্যবহার করে আন্তর্জাতিক কূটনীতির একটি নয়া অধ্যায় শুরু করতে চান প্রধানমন্ত্রী মোদী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো হয়েছে, ব্রিক্সের এই বহুপাক্ষিক বৈঠকের পাশাপাশি লাতিন আমেরিকার এগারোটি দেশের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী। এই সফরে একটি বাণিজ্য প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছে। লক্ষ্য, ব্রিক্স ও লাতিন আমেরিকাভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়িয়ে নেয়া। সম্মেলনের ফাঁকেই চীনের প্রেসিডেন্টের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মোদী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরুদ্দিন জানান, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলার মতো দেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ভারত। ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করবেন মোদী। বাণিজ্য ছাড়া ব্রিক্স-বৈঠক গুরুত্ব পাবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সংস্কার, ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাঙ্কের গঠন, ব্রিক্সভুক্ত দেশগুলোর রফতানির বাড়তি সুযোগ-সুবিধার মতো বিষয়। এছাড়া, ব্রিক্সের জন্য একটি পৃথক তহবিল (১০০ বিলিয়ন মার্কিন ডলারের) গঠনের ব্যাপারে গত বৈঠকেই আলোচনা হয়। স্থির হয়েছিল, আর্থিক সঙ্কটের মুখোমুখি হলে এই তহবিল থেকে সদস্য দেশগুলো ঋণ নিতে পারবে। দ্রুত এই তহবিল যাতে গড়ে তোলার ব্যাপারেও কথা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। -আনন্দবাজার পত্রিকা