আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন সাবেক অর্থমন্ত্রী আশরাফ গনি। তিনি পেয়েছেন ৫৬ শতাংশ ভোট। দেশটির বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের স্থলাভিষিক্ত হবেন তিনি। তবে এ ফলাফল প্রত্যাখ্যান করে নিজের জয় দাবি করেছেন প্রতিপক্ষ প্রার্থী আব্দুল্লাহ আবদুল্লাহ। এ নিয়ে দেশটিতে বিক্ষোভ-সমাবেশ অব্যাহত রয়েছে। এদিকে এ ফলাফলে নিয়ে দেশটিতে চরম অচলাবস্থায় সকলকে শান্ত থাকার আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। - খবর ডয়েচে ভেলে ও সিনহুয়ার।
মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট জানান, আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে অস্থিতিশীলতায় প্রেসিডেন্ট ওবামা সকলকে শান্ত থাকার আহবান জানিয়েছেন। সেইসঙ্গে তিনি এ অবস্থায় সকলকে সংলাপের পথ বেছে নিতে বলেন। আর্নেস্ট বলেন, এ ব্যাপারে প্রেসিডেন্ট ওবামা আফগানিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আব্দুল্লাহকে শান্ত থাকা এবং সংলাপে বসার আহবান জানান। ওবামা বলেন, আমরা আশাকরি সমস্ত যুক্তিসঙ্গত অভিযোগগুলো (কারচুপি) পর্যালোচনা করে এর সমাধানে পৌঁছাতে হবে।
তবে এর জন্য কোন হানাহানি বা সংবিধান পরিপন্থি কিছু করার মানে হয় না। সোমবার আফগানিস্তানে দ্বিতীয় দফা ভোটের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়। নির্বাচন কমিশন জানায়, প্রাথমিক ফলাফলে আশরাফ গনির প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। আবদুল্লাহ আবদুল্লাহ অবশ্য এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন।
তারা বলেছেন, এখানে ভোট জালিয়াতি হয়েছে। অবশ্য সরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হবে আগামী ২২ জুলাই। কিন্তু এরই মধ্যে গনি সমর্থকরা রাজধানী কাবুলে জয় উদযাপন শুরু করেছে। অন্যদিকে আবদুল্লাহ সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে দেশটিতে।
