বিশ্বকাপ ফুটবল নিয়ে লাখ লাখ টাকার বাজি

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:৪৩
বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে ইস্টুবাজি নামে লাখ লাখ টাকার রমরমা জুয়া চলছে ময়মনসিংহের মুক্তাগাছায়। পৌর শহরের ২/৩টি স্পটের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজার, দোকান, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে নানা বয়সের লোকজন ফুটবল নিয়ে নগদ অর্থ বাজি ধরছে। প্রথম পর্বের খেলায় তেমন একটা বাজি না থাকলেও। দ্বিতীয় রাউন্ড থেকে ব্যাপকভাবে বাজি খেলা শুরু হয়েছে। প্রতি খেলার দিন লাখ লাখ টাকার বাজি ধরা হয় বলে একাধিক বাজিকর জানান। নাম প্রকাশে অনিচ্ছুক লেংড়ার বাজার এলাকার বড় মাপের এক জুয়াড়ি জানান, স্থানীয়ভাবে এ জুয়া খেলার নাম দেয়া হয়েছে ইস্টুবাজি। সে সেমিফাইনাল খেলায় ব্রাজিলের পক্ষে ১ লাখ ৫০ হাজার টাকা বাজি ধরেছে। শহরের নন্দীবাড়ি এলাকার অপর এক বাজিকর জানান, ফুটবলে ইস্টুবাজি ধরে অনেকেই নিঃস্ব হয়েছে। ক্রিকেট এবং ফুটবল খেলায় নিয়মিত বাজি খেলেন কালিবাড়ি এলাকার এক বাজিকর জানান, এবার বিশ্বকাপ ফুটবলে বাজি খেলে তার প্রায় ৭ লাখ টাকা লাভ হয়েছে। দুই সেমিফাইনাল খেলায় সারা মুক্তাগাছায় অন্তত ৫ কোটি টাকার বাজি খেলা হবে। তার মতে, ফাইনাল খেলায়ও কয়েক কোটি টাকার খেলা হতে পারে। মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন বলেন, তিনি ক্রিকেট এবং ফুটবল নিয়ে বাজি খেলার কথা শুনেছেন। তবে কারও কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পাননি।