তামার তারেই গতি সেকেন্ডে ১০ গিগাবিট!

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২০:৪৩
প্রচলিত তামার তার ব্যবহার করেই সেকেন্ডে ১০ গিগাবিট গতিতে তথ্য স্থানান্তরের নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরি। তারা দাবি করেছে, ৩০ মিটার লম্বা সাধারণ ফোনের এক জোড়া ক্যাবল ব্যবহার করেই এই অভূতপূর্ব গতি অর্জন করতে সমর্থ হয়েছেন তারা। ল্যাবে ১০ জিবিপিএস গতি অর্জিত হলেও বাস্তব ব্যবহারের জন্য সেকেন্ডে ১ গিগাবিট গতি অর্জনের জন্য কাজ করা সম্ভব। আর তা হলে উচ্চগতির ইন্টারনেটের জন্য যে ব্যয়বহুল ফাইবার অপটিক ব্যবহার করা হয়, তার খরচ অনেকটাই কমিয়ে আনা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বেল। তবে বেল ল্যাবের এই আশাবাদের বিপরীতেও মন্তব্য রয়েছে বিশ্লেষকদের। ল্যাবে অত্যন্ত অল্প দূরত্বে এই গতি অর্জিত হলেও বাস্তবে বেশি দূরত্বের ক্ষেত্রে এমন গতি অর্জন করা সম্ভব হবে না বলেই মন্তব্য করছেন তারা। তবে তারপরেও এই প্রযুক্তি ইন্টারনেট সংযোগের খরচ বহুলাংশে কমিয়ে আনতে পারবে বলে বেল ল্যাবের সাথে একমত হয়েছেন তারা।