‘তারুণ্যে বিনিয়োগ, আগামীর উন্নয়ন’ কে প্রতিপাদ্য করে আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। এই উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক।
এতে তিনি বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগের ব্যাপারে আরও কঠোর হওয়ার আহবান জানান। দিবসটি উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এর মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ইত্যাদি। দিবসের মূল অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
সংবাদিক সম্মেলনে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. নূর হোসেন তালুকদার, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান ও মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
