ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির আবারো আলোচনা হচ্ছে

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২০:৪৯
পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় অচলাবস্থা কাটাতে মধ্যস্থতাকারী বিশ্বের প্রভাবশালী ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ভিয়েনায় আবারো বৈঠকে বসছেন। রবিবার এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় যোগ দেবেন বলে বৃহস্পতিবার পশ্চিমা এক কর্মকর্তা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন, ‘আমি আপনাকে বলতে পারি এই সপ্তাহের শেষে কেরি ভিয়েনা আসছেন, সম্ভবত শনিবার।’ তিনি জানিয়েছেন, প্রভাবশালী অন্য পাঁচটি দেশের মন্ত্রীদের সঙ্গে রবিবার দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন কেরি। অন্য একজন কূটনীতিকও কেরির সফর পরিকল্পনা নিশ্চিত করেছেন। এক ফরাসি কূটনৈতিক সূত্র জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ল্যঁরা ফ্যাবিয়াস একই দিন ভিয়েনায় আসবেন। উল্লেখ্য, বিশ্বের প্রভাবশালী ছয় রাষ্ট্র— যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দেশটির সঙ্গে ২০ জুলাইয়ের মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি করতে চাচ্ছে। এই চুক্তির মাধ্যমে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দশকব্যাপী বিরাজমান উত্তেজনা শেষ হওয়ার কথা। বিভিন্ন কূটনৈতিক এবং বিশ্লেষকদের ধারণা, দু’পক্ষের মধ্যস্থতাকারীদের মধ্যে দূরত্ব কমিয়ে এনে একটি সমঝোতায় পৌঁছতে নির্ধারিত ওই সময়সীমা যথেষ্ট নয়। এর জন্য আরো বেশি সময় প্রয়োজন হবে। চুক্তিতে হলে ইরান তার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে তুলে নেয়ার বিনিময়ে পরমাণু কর্মসূচি সীমিত করে আনবে। গত সপ্তাহে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সঙ্গে এই আলোচনা শুরু হলেও তাতে তেমন কোনো অগ্রগতি হয়নি।