বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী বলেছেন, ঈদের পর আন্দোলনের ডাকে ভীত হয়ে সরকারের ঘুম হারাম হয়ে গেছে। তারা দিশেহারা। এজন্য সরকার এখন আন্দোলন ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের অন্যায়ভাবে আটক করছে। তিনি বলেন, গণতন্ত্রের প্রধান চর্চা কেন্দ্র জাতীয় সংসদ এখন গান-বাজনার বিচিত্রানুষ্ঠানের কেন্দ্রে পরিণত হয়েছে। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, বাংলাদেশে রাজনৈতিক সংকট দিনকে দিন ভয়ঙ্কর ঘূর্ণাবর্তের সৃষ্টি করেছে। এতে তলিয়ে যাচ্ছে দেশের ভাব-মর্যাদা। দেশকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক দিক থেকে পঙ্গু এবং অকর্মন্য করে দেয়া হচ্ছে। দেশব্যাপী গুম, খুন, অপহরণ ও গুপ্ত হত্যার শিকল তৈরি করে তাতে দেশের জনগণকে বেঁধে ফেলা হচ্ছে। গণতন্ত্রের জীবনী শক্তিটুকু গলাটিপে হত্যা করা হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর বিএনপি’র সদস্য সচিব আব্দুস সালাম, বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক খাইরুল কবির খোকন, সহ-আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, নির্বাহী সদস্য রফিক শিকদার, আব্দুল হাসান প্রমুখ।
