শিশুদের ট্র্যাক করবে এলজি’র কিজঅন

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২০:১২
শিশুরা কখন কোথায় রয়েছে তা ট্র্যাক করার জন্য নতুন একটি গ্যাজেট অবমুক্ত করেছে এলজি। হাতে ব্রেসলেট বা ঘড়ির মতো করে পড়ার উপযোগী এই ডিভাইসটি শিশুর অবস্থানকে নিখুঁতভাবে শনাক্ত করবে এবং অভিভাবকের কাছে শিশুর বার্তা পৌঁছে দেবে। এই গ্যাজেটটির নাম দেওয়া হয়েছে ‘কিজঅন’। এটি কাজ করে জিপিএস এবং ওয়াই-ফাই সিগন্যালের ওপর নির্ভর করে। আর জিপিএস-এর মাধ্যমে প্রাপ্ত সিগন্যাল বিশ্লেষণ করেই এটি অবস্থানের তথ্য পাঠিয়ে দিতে পারে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে। প্রি-স্কুল এবং প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই গ্যাজেটটি তৈরি করেছে এলজি। আর যেহেতু শিশুরা এটি ব্যবহার করবে, তাই এটি যেন দ্রুত নষ্ট না হয় তার জন্য একে পানিরোধী করেই তৈরি করা হয়েছে। এলচি জানিয়েছে, টুজি ও থ্রিজি নেটওয়ার্কে কাজ করবে এই কিজঅন। একবার পূর্ণ চার্জ দিলে এটি ৩৬ ঘণ্টা পর্যন্ত চলতে পারবে। কিজঅনের উপরিভাগে রয়েছে একটি বাটন। এই বাটনে ক্লিক করেই একটি নম্বরের সাথে কনফিগার করে নেওয়া যাবে। সেই নম্বরের সাথেই প্রতিনিয়ত যোগাযোগ করবে এই কিজঅন। পাশাপাশি নির্দিষ্ট কিছু অনুমোদিত নম্বর থেকে এটি কলও রিসিভ করতে পারবে। এতে ইনকামিং কল শিশু নিজে থেকে না রিসিভ করলেও স্বয়ংক্রিয়ভাবেই কল রিসিভ হয়ে যাবে এবং শিশু কোথায় রয়েছে, সেখানকার সব শব্দ ধারণ করে মাইক্রোফোনের মাধ্যমে শোনানো হবে। শিশুদের ট্র্যাক করার জন্য এটি অত্যন্ত উপযোগী হবে বলেই মনে করছে এলজি। তবে এর ওপর পুরোপুরি নির্ভর করার উপায় নেই বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়া, উত্তর আমেরিকা এবং ইউরোপের জন্য এটি প্রথম বাজারে আনবে এলজি।