রেলমন্ত্রী মো. মুজিবুল হক মুজিব এমপি বলেছেন, পবিত্র রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে রেলপথে যাত্রী দুর্ভোগ ও নাশকতা ঠেকাতে প্রতিটি স্টেশনে র্যাব, বিজিবি, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত ভিজিলেন্স টিম মোতায়েন করা হয়েছে। এছাড়া অজ্ঞান ও মলম পার্টিসহ ছিনতাইকারী, দালাল ও অপরাধী চক্রের হাত থেকে যাত্রী রক্ষায় কঠোর নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদ উপলক্ষে রেলওয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটিও বাতিল করা হয়েছে। মন্ত্রী গতকাল শনিবার কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে এক ঝটিকা সফর করেন। এসময় তিনি রেলওয়ের পূর্বাঞ্চলীয় কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজ্জাম্মেল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইউনুস ভূঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিউল আলম, পৌর মেয়র মফিজুর রহমান, স্থানীয় আ.লীগ নেতা তাবারক উল্লাহ্ কায়েস প্রমুখ।
