রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা কিরচনার বহুমুখী বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। প্রাচ্য-পাশ্চাত্যের তীব্র উত্তেজনার মধ্যে লাতিন আমেরিকার সঙ্গে মস্কোর সম্পর্ক জোরদারের পটভূমিতে এই আহ্বান জানানো হয়। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে স্নায়ুযুদ্ধ পরবর্তী সবচেয়ে অবনতিশীল সম্পর্কের প্রেক্ষাপটে লাতিন আমেরিকায় মস্কোর প্রভাব বৃদ্ধির লক্ষ্যে এ অঞ্চলে ৬ দিনের সফরে পুতিন এখন আর্জেন্টিনায় অবস্থান করছেন। তার সফরসূচিতে যুক্তরাষ্ট্রের সমালোচক বামপন্থি নেতাদের সঙ্গে বৈঠক এবং ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ‘ব্রিকস’-এর শীর্ষ সম্মেলনে যোগদান অন্তর্ভুক্ত রয়েছে। কিরচনার ইতোমধ্যে হেজ ফান্ড সম্পর্কিত এক মামলায় এ মাসের মধ্যে ১৩০ কোটি মার্কিন ডলার প্রদানে যুক্তরাষ্ট্রের একটি আদালতের আদেশের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান নিয়েছেন। পুতিন বলেন, রাশিয়া আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আর্জেন্টিনার সমমনা এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে।
রাশিয়ার প্রেসিডেন্ট বৃটেনের সঙ্গে মালভিনাস নামে পরিচিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধে আর্জেন্টিনার দাবির প্রতিও সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা সমতা, স্বাতন্ত্র্য ও নিরাপত্তার নীতির ভিত্তিতে এক বহুমুখী বিশ্ব ব্যবস্থার পক্ষে। পুতিন তার সম্মানে আয়োজিত এক নৈশভোজে বলেন, রাশিয়া মালভিনাস দ্বীপপুঞ্জ নিয়ে বৃটেন ও আর্জেন্টিনার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উপায় উদ্ভাবনে অব্যাহত সহায়তা দিয়ে যাবে।
