টেলিভিশন থেকে শুরু করে সব ধরনের ডিসপ্লে ডিভাইসে নমনীয়তা সংযুক্ত করতে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এর ধারাবাহিকতায় এরই মধ্যে বাঁকানো বেশকিছু ডিসপ্লে বাজারে চলে এসেছে। বাঁকানো ডিসপ্লে ব্যবহার করে স্মার্টফোনও চলে এসেছে বাজারে। কিন্তু বিভিন্ন ধরনের গ্যাজেটে ব্যবহারের উপযোগী সত্যিকারের নমনীয় ডিসপ্লে এই প্রথমবারের মতো তৈরি করেছে এলজি। তাদের ১৮ ইঞ্চি বা ৪৫ সেন্টিমিটার আকৃতির এই নমনীয় ডিসপ্লেকে ঠিক কাগজের মতো করেই রোল করা যায়। আর রোল করার পরেও এই ডিসপ্লের সব ফাংশন কার্যকরী থাকে। এই ডিসপ্লের রেজ্যুলেশন ১২০০ বাই ৮১০, যা ফুল এইচডি কনটেন্ট প্রদর্শন করতে সক্ষম। তবে আল্ট্রা এইচডি কনটেন্ট এটি প্রদর্শন করতে সক্ষম হবে না। এলজি জানিয়েছে, ওএলইডি প্রযুক্তির এই ডিসপ্লেকে সিলিন্ডার আকৃতিতে রোল করলে সিলিন্ডারের ব্যাস হবে মাত্র ২.৪ ইঞ্চি। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট এলজি তাদের নতুন এই ডিসপ্লেকে প্রযুক্তি পণ্যের জন্য বড় ধরনের অর্জন বলে মনে করছে। সম্পূর্ণ নতুন ধরনের প্রযুক্তি পণ্য তৈরি করতে এটি বৈপ্লবিক ভূমিকা রাখবে বলেও বিশ্বাস তাদের। এই প্রযুক্তি ব্যবহার করেই ৫০ ইঞ্চিরও বড় আকৃতির টেলিভিশন তৈরি করা সম্ভব বলেও মনে করছে এলজি। এখন এই প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য টেলিভিশন নির্মাতাদের আরও বৈচিত্র্যপূর্ণ ব্যবহার উদ্ভাবনের আহ্বান জানিয়েছে তারা। নমনীয় ডিসপ্লের পাশাপাশি এলজি অর্ধস্বচ্ছ একটি ডিসপ্লেও অবমুক্ত করেছে। কাঁচের মতো এটি সম্পূর্ণ স্বচ্ছ না হলেও এর পেছনে থাকা যেকোনো বস্তুকেই দেখা যায় সামনে থেকে। তবে ক্রমান্বয়ে পূর্ণ স্বচ্ছ ডিসপ্লে তৈরির দিকেই এলজি মনোযোগী হচ্ছে বলে জানিয়েছে। নতুন এসব প্রযুক্তি প্রযুক্তি বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
